'মনে হয়েছিল ক্রিকেট আমার সবকিছু কেড়ে নিয়েছে’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয়বিদারক পরাজয়ের পর ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন রোহিত শর্মা। সাবেক ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, ওই হারের পর তার মনে হয়েছিল—খেলা যেন তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে।

রবিবার ভারতের গুরগাওয়ে ইন্ডিয়ান বিজনেস স্কুল মাস্টার্স ইউনিয়নে দেয়া বক্তব্যে রোহিত বলেন, বিশ্বকাপ ফাইনালের পর মানসিকভাবে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। রোহিতের ভাষায়, “২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর আমি সম্পূর্ণ বিধ্বস্ত ছিলাম। মনে হচ্ছিল, এই খেলাটা আর খেলতে চাই না। ক্রিকেট যেন আমার ভেতরের সব শক্তি শুষে নিয়েছিল, আমার আর কিছু দেওয়ার নেই।”

নিজের নেতৃত্বে সেই বিশ্বকাপে ভারতের যাত্রা ছিল রীতিমতো স্বপ্নের মতো। ঘরের মাঠে টানা নয় ম্যাচ জিতে ফাইনালে ওঠে দল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ভারতের স্বপ্ন ভেঙে দেয়।

রোহিত জানান, হতাশা কাটিয়ে উঠতে তার সময় লেগেছে। “আমি নিজেকে বারবার মনে করিয়ে দিয়েছি—এই খেলাটাকে আমি কতটা ভালোবাসি। ধীরে ধীরে আবার শক্তি ফিরে পাই, মাঠে ফেরার মানসিকতা তৈরি হয়।”

তিনি আরও বলেন, “আমরা সবাই খুব হতাশ ছিলাম। কী ঘটল, বিশ্বাসই করতে পারছিলাম না। আমার জন্য সময়টা আরও কঠিন ছিল, কারণ ২০২২ সালে অধিনায়ক হওয়ার পর থেকেই আমি পুরোটা সময় বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করেছি।”

এরপরও আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাননি রোহিত। যদিও তিনি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এ বছর ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এবং ২০২৭ বিশ্বকাপ খেলেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।

রোহিত বলেন, “আমার একটাই লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা—হোক সেটা টি–টোয়েন্টি বা ওয়ানডে। যখন সেটা হয়নি, আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। শরীরে কোনো শক্তি ছিল না। নিজেকে আবার দাঁড় করাতে কয়েক মাস সময় লেগেছে।”

২০২৩ সালের সেই হতাশার এক বছরের মধ্যেই অবশ্য ঘুরে দাঁড়ান রোহিত। তার নেতৃত্বেই ভারত জেতে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ। তবে ২০২৩ সালের নভেম্বরে পাওয়া ব্যথা ভুলে ওঠা সহজ ছিল না বলেও স্বীকার করেছেন তিনি। “এতটা বিনিয়োগ করার পর ফল না পেলে এমন অনুভূতি হওয়াই স্বাভাবিক। আমার সঙ্গেও সেটাই হয়েছিল। কিন্তু আমি জানতাম, এখানেই সব শেষ নয়,” বলেন রোহিত।

তিনি যোগ করেন, “এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কীভাবে হতাশা সামলাতে হয়, নিজেকে নতুন করে গুছিয়ে নিতে হয়। সামনে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ ছিল, তাই পুরো মনোযোগ সেখানে সরিয়ে নিতে হয়েছিল। এখন এসব বলা সহজ, কিন্তু তখন সময়টা ছিল ভীষণ কঠিন।”