বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা শুধু এই দুই প্রতিষ্ঠানের ওপরই হামলা নয়, বরং স্বাধীনভাবে চিন্তা করার, গণতন্ত্র ও জুলাইয়ের ওপর আঘাত। অপশক্তির বিরুদ্ধে শুধু সচেতন হলেই চলবে না, সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, শুধু সংহতি, মানববন্ধন নয়, ঐক্যবদ্ধ হয়ে সর্বশক্তি দিয়ে অপশক্তিকে রূখে দিতে হবে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে মব ভায়োলেন্স আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে তিনি এসব বলেন। এই সভা যৌথভাবে আয়োজন করে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ।
বিএনপি মহাসচিব বলেন, আমরা জানি না, কোন বাংলাদেশে এখন দাঁড়িয়ে আছি। আমার বয়স এখন ৭৮। আজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন ও সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন কখনোই দেখিনি।
তিনি বলেন, এটি পরিষ্কার, শুধু ডেইলি স্টার-প্রথম আলো নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, আমার কথা বলার অধিকারের ওপর আঘাত এসেছে। জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত এসেছে। জুলাই এসেছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই জায়গায় আজ আঘাত এসেছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল, সংগঠন নয়, সকল গণতান্ত্রিকামী মানুষের এক হওয়ার সময় এসেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, যারা সত্যিকার অর্থেই দেশকে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই তাদের আজ সচেতন হলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসেছে।
বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক, রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক সংগঠনের নেতা, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন।