নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রায় ঘণ্টাব্যাপী গার্মেন্টসটির কয়েক শতাধিক শ্রমিক চাষাঢ়ায় সড়কে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাটাই বন্ধ ও জিএম’র অপসারণসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাটিয়েছে। ফলে তারা গত দুইদিন ধরেই আন্দোলন করে আসছেন। গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কারখানা খুলে দেয়া ও জিএমের অপসারণ দাবি জানিয়েছিলেন। পরে বিকেলে সমাধানের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি। তাই সোমবার তারা চাষাড়া অবরোধ করে বিক্ষোভ করেন। 

এদিকে গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের খবর শুনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকদের বুঝিয়ে ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ মহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিকরা কিছু দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেছিলো। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে তাদের বুঝিয়ে সরিয়ে দেন। তবে এখানে তাদের অনেক দাবি অযৌক্তিক। যার কারণে সমস্যার সমাধান হচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিকরা চাষাঢ়ায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করছিলো। পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। সেই সঙ্গে প্রশাসনের সহযোগিতায় মালিক কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক বসে আলোচনার মধ্য দিয়ে তাদের সমস্যার সমাধান করবেন।