ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন–এর মধ্যে টেলিফোন আলাপের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।

নয়াদিল্লি থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, এই এফটিএ ঐতিহাসিক, উচ্চাকাঙ্ক্ষী ও পারস্পরিকভাবে লাভজনক, যা ভারত ও নিউজিল্যান্ডের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করবে। প্রধানমন্ত্রী লাক্সন জানান, চুক্তির আওতায় নিউজিল্যান্ডের প্রায় ৯৫ শতাংশ পণ্যের ওপর ভারতের শুল্ক কমানো বা প্রত্যাহার করা হবে, ফলে দেশটির পণ্যের বাজার প্রবেশ উল্লেখযোগ্যভাবে সহজ হবে।

চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী লাক্সনের ভারত সফরের সময়। মাত্র নয় মাসে আলোচনা শেষ হওয়াকে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই এফটিএর ফলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, এমএসএমই, শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

দুই দেশের প্রধানমন্ত্রীই আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে এবং আগামী ১৫ বছরে ভারতে নিউজিল্যান্ডের প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে। উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেশি।