অ্যাপলকে ৯৮ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির

ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষ এজিসিএম জানিয়েছে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে মোবাইল অ্যাপ বাজারে আধিপত্যের অপব্যবহারের অভিযোগে ৯৮ মিলিয়ন ইউরো (প্রায় ১১৫ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত এ ঘোষণার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আরও জানায়, অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি) নীতি তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য সীমাবদ্ধ এবং অ্যাপলের বাণিজ্যিক অংশীদারদের স্বার্থের ক্ষতি করছে।

তদন্তে দেখা গেছে, অ্যাপল তার অ্যাপ স্টোরের মাধ্যমে একটি 'সুপার-ডমিন্যান্ট' অবস্থান দখল করে এবং একপাক্ষিকভাবে প্রাইভেসি নীতি চাপিয়ে ডেভেলপারদের ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস সীমিত করছে, যা বিজ্ঞাপন লক্ষ্য নির্ধারণ ও বাজার প্রতিযোগিতার ওপর প্রভাব ফেলছে। 

এর আগে, চলতি বছরের শুরুতে ফ্রান্সও একই এটিটি বৈশিষ্ট্যের কারণে অ্যাপলের উপর ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা আরোপ করেছিল। ইউরোপের অন্যান্য দেশেও অনুরূপ তদন্ত চলছে, যেখানে সমালোচকরা অভিযোগ করেছেন যে অ্যাপল এই সিস্টেম ব্যবহার করে নিজের বিজ্ঞাপন সেবা বাড়াচ্ছে এবং প্রতিদ্বন্দ্বীদের সীমিত করছে।