নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, দুই সিটে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না দলটি। বরং স্বতন্ত্রভাবে সব আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজকের সভায় দলের নির্বাহী কমিটি, আগ্রহী মনোনয়নপ্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান, গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়।
আবু হানিফ জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দলের মনোনয়নপত্র বিতরণ চলবে। ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।
এর আগে গতকাল রবিবার বিএনপির সঙ্গে এক সভা করে গণঅধিকার পরিষদ। ওই সভায় দলটি বিএনপির কাছে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয়। বিএনপির পক্ষ থেকে দুটি আসনে সমঝোতার আশ্বাস দেওয়া হয়।
সেই বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।