চীনে আবিষ্কৃত এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণখনি

চীনের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছে বিপুল পরিমাণ স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলীয় স্বর্ণখনি হতে পারে।

সাউথ চায়না মর্নিং এর প্রতিবেদন থেকে জানা যায়, শানডং প্রদেশের স্থানীয় সরকার জানিয়েছে, লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুত ৩,৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশ। এই তথ্য অনুযায়ী, লাইঝৌ এখন দেশটির মধ্যে স্বর্ণ মজুত ও উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। তবে নতুন সমুদ্রতলীয় খনি কতটা বড়, তা এখনও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

গত মাসে লিয়াওনিং প্রদেশে ১,৪৪৪.৪৯ টন মজুতের ‘সুপার-লার্জ’ স্বর্ণখনির খোঁজ পাওয়া গিয়েছিল। এছাড়া নভেম্বরে কুনলুন পর্বতমালার পশ্চিম সীমান্তে আরও এক হাজার টনের বেশি সম্ভাব্য স্বর্ণ মজুতের সন্ধান পাওয়া যায়।

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, ১৯৪৯ সালের পর এটি সবচেয়ে বড় একক স্বর্ণখনি। ২০২৩ সালে শানডং প্রদেশ জানিয়েছিল, দেশটির মোট স্বর্ণ মজুতের প্রায় এক-চতুর্থাংশ লাইঝৌ ও জিয়াওদং উপদ্বীপে রয়েছে, যেখানে ৩,৫০০ টনের বেশি স্বর্ণ আছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি হিসেবে পরিচিত।