বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ব্যাট হাতে নজর কাড়লেন রংপুর রাইডার্সের তরুণ ওপেনার ইফতেখার হোসেন ইফতি। বল হাতে চমক দেখালেন আব্দুল হালিম। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও ম্যাচের ফল রংপুরের পক্ষে যায়নি।
সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স ৫ উইকেটে পরাজিত হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে রংপুর। লক্ষ্য তাড়ায় ১৮.১ ওভারেই জয় নিশ্চিত করে রাজশাহী।
দুই দলের মধ্যে সর্বোচ্চ রান এসেছে ইফতির ব্যাট থেকে। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাঁহাতি এই ওপেনার। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৫৮ রান করেন তিনি। তাঁর পাশাপাশি তাওহিদ হৃদয় ১৯ বলে ২৬ রান করেন। শেষ দিকে দ্রুতগতির ইনিংস খেলেন মৃত্যুঞ্জয় চৌধুরি, ১৮ বলে তাঁর সংগ্রহ ২১ রান।
এর আগের দিন অনুশীলনে থাকলেও এই প্রস্তুতি ম্যাচে খেলেননি লিটন কুমার দাস। অধিনায়ক সোহান ১৩ বলে করেন ১০ রান। অভিজ্ঞ ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে আসে ১৬ বলে ১২ রান।
রাজশাহীর বোলিংয়ে দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।
লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নাজমুল হোসেন শান্ত, যদিও এই রান তুলতে খেলতে হয় ৩২ বল। তানজিদ হাসান তামিম ২২ বলে ৩১ এবং আকবর আলি ২১ বলে ২৫ রান করে দলের জয় সহজ করে দেন।
রংপুরের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আব্দুল হালিম। মাত্র ৭ রান খরচায় ২ উইকেট নেন তিনি। নাহিদ রানা ৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ৪ ওভারে ২৯ রান দিলেও উইকেটের দেখা পাননি।
২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৯ ডিসেম্বর। সিলেটে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।