ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে ঝোপের মাঝে জজকোর্টের সুপারেন্ডেন্ট এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক সদর উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের বারাহিপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকেন। তিনি দীর্ঘদিন ফেনীর আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের সেরেস্তাদার পদে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে একজন বাকপ্রতিবন্ধি রেললাইনের পাশে গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভাব্রীজের নীচে থাকা স্থানীয় লোকজনকে জানায়। স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করার পাশাপাশি মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে এহসানুল হক সৈকত জানান, সকাল সাতটার দিকে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে থেকে বের হোন। পরে বেলা সাড়ে এগারোটার দিকে খবর পান বাবার ঝুলন্ত লাশের কথা। তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। দেখে মনে হচ্ছে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে হত্যাকারী। এ ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীদের মাস্তি দাবী করেন।
ফেনী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, পুলিশ ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে। মরদেহ ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্র আইনি পদক্ষেপ নেয়া হবে।