নারায়ণগঞ্জের বন্দরে ডেনিম এ্যাপারেলস গার্মেন্টসে ডাকাতির ঘটনায় ১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলার বন্দর থানাধীন মনার বাড়ি এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাত মো. আসলামকে (৪০) গ্রেপ্তার করে র্যাব-১১, সিপিসি-১ এর একটি টিম।গ্রেপ্তারকৃত আসলাম বন্দর মনার বাড়ি (লক্ষণখোলা) এলাকার আলী হোসেনের পুত্র।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম এ্যাপারেলস-এ ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় এসএফ ডেনিম এ্যাপারেলস এর সিকিউরিটি অফিসার মো. আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত নামা ২৫ জনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এজাহার পর্যালোচনা করে জানা যায় যে, ডাকাতদল কারখানার পূর্বদিকের খোলা জায়গা দিয়ে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সুপারভাইজার ও ৪ জন নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে একটি নম্বর প্লেটবিহীন পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০ টি হ্যালোজেন লাইট, ২০ টি এলইডি লাইট ও পানির পাম্পসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারধরে সুপারভাইজার জাহাঙ্গীর ও নৈশ প্রহরী ওমর ফারুক আহত হয়েছেন। উক্ত ডাকাতির ফলে অত্র গার্মেন্টস এর ১৪,৬৯,২৩০/- (চৌদ্দ লক্ষ ঊনষাট হাজার দুইশত ত্রিশ) টাকা লুট হয়। ঘটনার পর কর্তৃপক্ষ বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় অজ্ঞাতনামা ২৫ জন আসামির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর র্যাব- ১১ অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।