বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন দেব

এবার বাংলাদেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। শান্তির আহবান জানিয়ে এই অভিনেতা ও নির্মাতা বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে। সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিস্টান। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। দেশ বাঁচানোর নামে অর্ধেক টাকা অস্ত্র কিনতেই চলে যাচ্ছে।’ শুধু বাংলাদেশ নয়, সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা-সাংসদ। 

 তার কথায়, ‘মাঝে মাঝে সত্যিই ভয় লাগে। খবর দেখলে মনে হয় এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে—ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীন। কিন্তু এই আতঙ্ক কখনোই কাম্য নয়।’ 

দেব আরও বলেন, ‘আসলে মানুষের চাহিদা খুব সামান্য—দু’বেলার খাবার আর মাথার ওপর একটা ছাদ। নিজের মানুষগুলোকে ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারার প্রয়োজন নেই। যদি এখনই এমন ঘটনা ঘটে, তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ সময় আসতে পারে।’ 

সর্বশেষে ব্যক্তিগত ও সামাজিক শান্তির গুরুত্ব তুলে ধরে দেব বলেন, ‘সিনেমা চলুক বা না চলুক, আমরা সবাই যেন ভালো থাকি। শান্তিতেই বাঁচতে পারি—এই প্রার্থনাই করি।’