খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনাসহ বিভিন্ন অপরাধকে কেন্দ্র করে কুমিল্লা সীমান্তে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ অংশগুলোতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।
বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সোমবার (২২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কুমিল্লা ও ফেনী জেলার সীমান্তবর্তী প্রায় ১০৬ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া সমান্তরাল সড়কগুলোতে তিনটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব স্থানে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি চলছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।