কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল মীর (৪২) এবং মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য শফিকুল ইসলাম (৫৩)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে নিজ গ্রামের বাড়ি পরমতলা থেকে আব্দুল আউয়াল মীরকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার আব্দুল আউয়াল মীরকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে একই রাতে উপজেলার চন্দনাইল গ্রাম থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি পুরনো রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকেও বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।