ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ভৈরবে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। 

আর সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভৈরব পৌর শহীদ মিনারের সামনে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন ভৈরব-এর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচিটি করা হয়।

এতে ব্যর্থতার অভিযোগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানান। 

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে‘, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।

উক্ত কর্মসূচি উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা  এনসিপি'র সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, ভৈরর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, সিহাব উদ্দিন তুহিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলভি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর মানুষ একটি নিরাপদ বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। এর দায় সরকারকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখন সময়ের দাবি। সেই সঙ্গে তারা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার ছবির কুশপুত্তলিকা পোড়ানো হয়।