ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণীর মরদেহ রেখে পালিয়ে গেছে স্বামী পরিচয় দেওয়া এক ব্যক্তি।
নিহত তরুণীর গলায় কালো দাগ রয়েছে। তবে আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সন্ধ্যা ছয়টার দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে এক ব্যক্তি ওই তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসেন।
পরে তাকে গাড়ি থেকে নামিয়ে ট্রলিতে তোলা হয়। রোগীকে ভেতরে নিতে চাইলে নিজেকে স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, “আমার একজন লোক আসছে, সে এলে রোগী ভেতরে নেব।”
এরপর প্রায় দুই ঘণ্টা হাসপাতালের বাইরে ট্রলিতে রেখেই অপেক্ষা করেন তিনি। রাত সোয়া আটটার দিকে কৌশলে নিথর ওই তরুণীকে ট্রলিতে রেখেই পালিয়ে যান তিনি।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর এবং তার গলায় কালো দাগ রয়েছে।
যিনি তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি কৌশলে পালিয়ে গেছেন। তরুণীর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।