ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কোনো ভবনই বসবাসের অনুপযুক্ত নয়। সবগুলোই থাকার উপযোগী। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভূমিকম্প-পরবর্তী সময়ে ঝুঁকিপূর্ণ ভবন তদারকি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কোনো হল বসবাসের অনুপযুক্ত বা থাকা যাবে না এরকম মন্তব্য বিশেষজ্ঞদের প্রতিবেদনে করা হয়নি। আমাদের যে হলগুলো আছে, সেখানে শিক্ষার্থীরা থাকতে পারবে।’
তিনি জানান, গত ২১ নভেম্বর ভূমিকম্প-পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি নিরূপণে চারটি কারিগরি সাব-কমিটি করা হয়। প্রতি কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের একজন করে অধ্যাপক ছিলেন। এসব কমিটির প্রতিবেদনে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদিÑএই তিন ধরনের সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। চারটি কমিটির সুপারিশের আলোকে ১৯টি কাজের সিদ্ধান্ত হয়েছে। শামসুন্নাহার হলের ক্ষতিগ্রস্ত ওয়াশরুম ব্লকের ওভারহেড পানির ট্যাংকি খালি করে জরুরিভিত্তিতে প্লাস্টিকের পানির ট্যাংক স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই হলের ওয়াশরুম ব্লকগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের একটি অংশ ‘ভালনারেবল’ হিসেবে চিহ্নিত হয়েছে। ওই হলের ক্ষতিগ্রস্ত স্টিল প্রপের মেরামতকাজ দুয়েক দিনের মধ্যে শুরু হবে।