হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ আদালতের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে এ নির্দেশ দেওয়া হয়েছে। হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। আবেদনটি করেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ।

আবেদনে বলা হয়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ভিকটিমের (হাদি) মৃতদেহ বাংলাদেশ বিমানযোগে দেশে এনে ২০ ডিসেম্বর লাশের সুরতহাল সম্পন্ন করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ লাশের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে। মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে ভবিষ্যতের জন্য ডিএনএ নমুনা সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে প্রোফাইলিং ও সংরক্ষণ করার জন্য সিআইডির ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশের চিফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিকে আদেশ প্রদান করা প্রয়োজন।