রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিককে ছয় মাসের জন্য ধারে দলে নিচ্ছে ফ্রান্সের ক্লাব লিওঁ। দুই ক্লাবের মধ্যে সোমবার এই চুক্তি চূড়ান্ত হয়েছে। এই ধারের চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানা গেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই রিয়াল মাদ্রিদ ও লিওঁর মধ্যে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সোমবার পূর্ণ সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। সূত্র অনুযায়ী, আগামী বুধবার ফ্রান্সে পৌঁছে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর চুক্তিতে সই করবেন এন্দ্রিক। এই চুক্তির অংশ হিসেবে লিওঁ রিয়াল মাদ্রিদকে প্রায় এক মিলিয়ন ইউরো দেবে, যা মূলত খেলোয়াড়ের বেতনের একটি অংশ মেটাতে ব্যবহার করা হবে।
জানা গেছে, লিওঁতে এন্দ্রিক নয় নম্বর জার্সি পরে খেলবেন বলেও জানা গেছে। ইউরোপের একাধিক ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত লিওঁই এই কিশোর প্রতিভাকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে। ফরাসি লিগ ও লিওঁ ক্লাব—উভয়ের জন্যই এটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ১৯ বছর বয়সী এন্দ্রিক শুরু থেকেই লিওঁতে যেতে আগ্রহী ছিলেন। যদিও চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা ছিল, তবু নিয়মিত খেলার সুযোগ পাওয়ার আশায় তিনি লিওঁর ইউরোপা লিগের প্রকল্পে রাজি হন।
লিওঁর কোচ পাওলো ফনসেকার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট ছিলেন এন্দ্রিক। ফনসেকা পর্তুগিজ ভাষায় কথা বলেন, যা ব্রাজিলিয়ান এই ফুটবলারের জন্য বাড়তি সুবিধা হয়েছে। এছাড়া দলে এমারসন ও আবনের মতো ব্রাজিলিয়ান খেলোয়াড় থাকায় নতুন পরিবেশে মানিয়ে নেওয়াও তার জন্য সহজ হবে বলে মনে করা হচ্ছে। লিওঁতে লুকাস পাকেতা, ব্রুনো গিমারায়েস, সনি অ্যান্ডারসন, জুনিনহো ও ফ্রেডের মতো ব্রাজিলিয়ান খেলোয়াড়দের পথ অনুসরণ করতে চান তিনি।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসোর পরিকল্পনায় ছিলেন না এন্দ্রিক। লা লিগায় এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে ১১ মিনিট খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে মাত্র ১১ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। নিয়মিত খেলার অভাব থেকেই নতুন অভিজ্ঞতা ও উন্নতির খোঁজে লিওঁতে ধারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।