চলচ্চিত্র ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুকুমার রঞ্জন ঘোষ আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন আনন্দমেলা সিনেমা লিমিটেডের অন্যতম প্রযোজক। তার প্রযোজনায় নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমেই ঢালিউড পেয়েছিল জনপ্রিয় জুটি সালমান শাহ ও মৌসুমীকে। এ ছাড়া তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। চলচ্চিত্রাঙ্গনের বাইরে সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।
তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তার অবদানকে অনন্য ও স্মরণীয় বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।