ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ানদানা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি। আজ মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের ষোড়শ ওভারে প্রিয়ানদানা দুর্দান্ত বোলিং করেন। ওই ওভারে তিনি একাই পাঁচ উইকেট তুলে নেন। এই ওভারে মাত্র একটি রান দেন প্রিয়ানদানা, সেটিও একটি ওয়াইডের সৌজন্যে। তার বিধ্বংসী বোলিংয়ের ফলে কম্বোডিয়া দল মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায়। পরে ইন্দোনেশিয়া ম্যাচটি ৬০ রানে জিতে নেয়। এর আগে ব্যাটিংয়ে নেমে প্রিয়ানদানা মাত্র ৬ রানে আউট হয়ে যান।
ডানহাতি এই পেসার ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেন। একে একে তার শিকার হন শাহ আবরার হুসেন, নির্মলজিৎ সিং এবং চ্যানথেউন রথানাক। এরপর একই ওভারে মংদারা সক ও পেল ভেনাককে ফিরিয়ে দিয়ে ম্যাচে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত করেন। এই ম্যাচেই টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পান গেদে প্রিয়ানদানা।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এর আগে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রশিদ খান, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম। তবে এর আগে ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি বোলার আল আমিন হোসেন এবং ভারতের অভিমন্যু মিঠুন।