নেইমারের বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না সাবেক ইংলিশ তারকা

ক্যারিয়ার শেষ হওয়ার আগেই যেন ফুরিয়ে গেছেন নেইমার। গত দুই বছর ধরে তিনি জাতীয় দলের বাইরে। একের পর এক ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দিচ্ছে বারবার। বাঁ হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে ব্রাজিলিয়ান ফুটবল জাদুকরকে যেতে হয়েছে অস্ত্রোপচার টেবিলে। তার বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডল।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে এখনো ঠাঁই হয়নি নেইমারের। গত শনিবার রাতে ‘টার্ডেজিনহা’ অনুষ্ঠানে স্টেজে উঠে নেইমার বলেছিলেন ‘ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব, আমরা সবই করব। এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না হলে জুলাইতে (বিশ্বকাপের পর) আপনারা এ নিয়ে আমাকে বলবেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন...ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই!’

ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেতে নেইমারকে পারফর্মেন্সের পাশাপাশি শতভাগ ফিট হওয়ার শর্ত দিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে নেইমারের বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না ক্রিস ওয়াডল। ওয়াডল বলেছেন, ‘সে হয়তো ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছে। সত্যি বলতে কি, ব্রাজিল এখন আগের মতো শক্তিশালী নয়। নেইমার হয়তো দলে ঢুকবে, কিন্তু আমি ওর বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা দেখছি না।’

আগামী ৩১ ডিসেম্বর সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে নেইমারের। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ইন্টার মায়ামি ছাড়াও কিছু ইউরোপিয়ান ক্লাবের নাম শোনা যাচ্ছে। তবে ওয়াডল মনে করেন, বড় কোনো ক্লাব নেইমারকে দলে টানবে না। তার কথায়, ‘আমার মনে হয় না, কোনো বড় ক্লাব তাকে নেবে। তার হাঁটুতে গুরুতর চোট ছিল। প্রিমিয়ার লিগ হলো গতির খেলা। কেউ যদি তাকে দলে টানে, তবে সেটা হবে তার প্রোফাইল আর জার্সি বিক্রির কথা মাথায় রেখে। মাঠের পারফরম্যান্সে সে দলকে খুব বেশি কিছু দিতে পারবে বলে মনে হয় না।’