জাতীয় নিরাপত্তা ও বিমান চলাচলের নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে সব বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো বন্ধ করার ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)।
সিএএবি এর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ড্রোন রেজিস্ট্রেশন ও অপারেশন নীতি অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া ড্রোন চালানো কঠোরভাবে নিষিদ্ধ।
এছাড়াও বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা- ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।
সিএএবি মিডিয়া প্রতিনিধি ও সাধারণ জনগণকে বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো থেকে বিরত থাকার জন্য আবারও সতর্ক করেছে, যাতে বিমান চলাচলের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা বজায় থাকে।