দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী গার্মেন্টস কারখানা বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে তাদের সদস্যদের নিকট পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএর সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানযোগে সকাল ১১ ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
ধারণা করা হচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর উনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের আশপাশের এলাকাসমূহে প্রচুর লোক সমাগম হবে। উক্ত লোক সমাগমের কথা বিবেচনা করে উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানা সমূহের বাস যোগে শ্রমিক যাতায়াত এবং জরুরি আমদানি-রপ্তানি মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।
এমতাবস্থায় সার্বিক দিক বিবেচনা করে উক্ত এলাকার কারখানা সমূহের শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানি মালামাল পরিবহনে কারখানা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রয়োজনে শ্রমিক পক্ষের সাথে আলোচনা করে উক্ত তারিখের আগে বা পরে যে কোন একদিন জেনারেল ডিউটি করা স্বাপেক্ষে ২৫ ডিসেম্বর তারিখে ছুটি রাখা যায় কিনা বিবেচনা করা যেতে পারে। এ ছাড়াও জরুরি আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান চলাচলের বিষয়ে এলাকার সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত, অন্য রুট ব্যবহার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।