এলায়েন্স ফর ট্রান্সফরমনেশনের আয়োজনে ‘আগামীর বাংলাদেশ: তরুণ প্রজন্মের ভূমিকা, সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে আমারী হোটেলে অনুষ্ঠিত সেমিনারে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট, তরুণ প্রজন্মের প্রত্যাশা, গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় সংস্কার এবং আগামীর বাংলাদেশের সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং নির্বাহী কমিটির সদস্য, বিএনপি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
বক্তারা বলেন, আগামীর বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দল জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে, তবে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকেন্দ্রিক জাতীয়তাবাদ পূর্ণমাত্রায় বাস্তবায়িত হবে। এর মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করা হবে এবং একটি প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন সাধিত হবে।
বক্তারা জোর দিয়ে বলেন, একটি মেধাভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাখাতকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হবে, যাতে তরুণ প্রজন্ম জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশকে এশিয়ার অন্যতম বৃহৎ বিনিয়োগবান্ধব রাষ্ট্রে পরিণত করতে আইনি নিরাপত্তা, নীতিগত স্থিতিশীলতা, সুশাসন নিশ্চিতকরণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।
বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হিসেবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।
অনুষ্ঠানে এলায়েন্স ফর ট্রান্সফরমনেশন-এর প্রেসিডেন্ট শাহ নাজিম উদ্দিন (মুনান), সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. এনামুল কবির শিশির, সিনিয়র সাংবাদিক ও পরিচালক মিডিয়া ও অপারেশন সাখাওয়াত কাওসার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আসাদ মুরাদ তালুকদার, পরিবেশ বিষয়ক পরিচালক লুৎফুর রহমান বাদল, পরিচালক কমিউনিকেশন জাহিদুর রহমান উদয়, জ্যেষ্ঠ সাংবাদিক শফিক শাফি, এম. রাজিবুল তালুকদার বিন্দুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।