আ. লীগের ভোট টানতে রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার লক্ষ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, এ ভোট পেতে বিভিন্ন রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের কথাও আলোচনায় আসছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার গণমাধ্যমের আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কুমিল্লার দেবীদ্বারে সম্প্রতি আওয়ামী লীগের প্রায় ২০০ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে জুলাই গণহত্যা মামলার আসামিও রয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের ঘটনা দেশের বিভিন্ন এলাকায় ঘটছে।

আওয়ামী লীগসংক্রান্ত রাজনৈতিক সংকট এখনো নিরসন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ট্রুথ বা রিকনসিলিয়েশন কমিশন গঠনের আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি। গণহত্যা বা সন্ত্রাসে জড়িত নন—এমন আওয়ামী লীগ সমর্থকদের রাজনৈতিক ও নাগরিক অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান জরুরি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সভায় তিনি জানান, এনসিপি রিকনসিলিয়েশন কমিশন গঠনের পক্ষে রয়েছে। তা না হলে আওয়ামী লীগ প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে বারবার ফিরে আসবে।

এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী ও সিপিবির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।