নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জোটের মনোনীত প্রার্থী হিসেবে চুড়ান্ত ঘোষণার পর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমী বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক মেরামত করতে উদ্যোগী হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জোটের প্রার্থী হিসেবে মনির হোসাইন কাসেমীর নাম ঘোষণা করা হলেও জেলা ও ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বিশেষ কোনো উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি।
বিকেলে মনির হোসাইন কাসেমী ঢাকায় থেকে নারায়ণগঞ্জে আসলে হেফাজতের একটি অংশের নেতাকর্মীরা তাকে বরণ করে নিলেও, বিএনপি ও তার অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। সন্ধ্যার পর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ছুটে যান তিনি। বাদ মাগরিব ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর বাসভবনে গিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মনির কাসেমী।
এ সময় তিনি নির্বাচনে এক হয়ে কাজ করার জন্য বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ ও খেজুর গাছকে এক মনে করে নির্বাচনে কাজ করতে হবে।’ ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড. বারী ভুইয়াসহ উপস্থিত নেতাকর্মীরা সিদ্ধান্ত মোতাবেক তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তাই আমরা এখন এক হয়ে কাজ করব। জোটের পক্ষ থেকে মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেওয়ার পর আমরা তার নির্বাচনে কাজ করার জন্য প্রস্তুত।’
মনির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা সবাই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। ধানের শীষ আর খেজুর গাছ আলাদা কিছু নয়, আমাদের লক্ষ্য এক— তারেক রহমানের প্রতীককে নির্বাচিত করে তার হাতকে শক্তিশালী করা।’
পরে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের বাসভবনেও সৌজন্য সাক্ষাৎ করেন।