মেয়ের বাড়িতে যাওয়া হলো না বাবার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা এলাকায় ট্রাক চাপায় জালাল জোয়ার্দ্দার (৫৮) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জালাল জোয়ার্দ্দার ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত কিতাব্দি জোয়ার্দ্দারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জালাল নিজ বাড়ি থেকে মাহেন্দ্র গাড়িতে করে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়গাবলা এলাকায় পৌঁছালে তিনি মাহেন্দ্র গাড়ি থেকে পড়ে যান। এসময় একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।