রাষ্ট্র কাঠামোর মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। রাষ্ট্রীয় ব্যবস্থার অনুষঙ্গ আর সব উপরিকাঠামো। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, কোনো একটি রাষ্ট্রব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন প্রথমে তার অর্থনীতিতে আঘাত আসার কথা। যেহেতু অর্থনীতি মূলভিত্তি। কিন্তু আমরা দেখি রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার জন্য যতখানি দায়ী অর্থনীতি, তারচেয়ে অনেক বেশি দায়ী ভাষা। কোনো রাষ্ট্রে যখন রাজনৈতিক কথাবার্তা অসংলগ্ন হয়ে ওঠে, যখন সংলাপের বদলে সন্দেহ, যুক্তির বদলে উত্তেজনা আর মতবিরোধের বদলে শত্রুতা জায়গা করে নেয় তখনই রাষ্ট্রের ভিত নড়বড়ে হতে শুরু করে। আজকের বাংলাদেশ সেই সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে রাজনৈতিক অস্থিরতা আর কেবল ক্ষমতার দ্বন্দ্ব নয়, এটা জাতীয় নিরাপত্তা, সামাজিক সংহতি এবং রাষ্ট্রীয় ভবিষ্যতের প্রশ্ন হয়ে উঠেছে। এই মুহূর্তে জাতীয় ঐক্য কোনো ইমোশনাল সেøাগান নয়, বরং এটা নীতিগতভাবে প্রয়োজন। আর সেই ঐক্য গঠনে গণমাধ্যমের ভূমিকা এখন আর পরোক্ষ নয়, সরাসরি এবং নির্ধারক। দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন গণমাধ্যমের সামনে দুটো পথ খোলা থাকে। এক, বিভাজনকে পুঁজি করে শিরোনামের বাজার গরম করা। দুই, দায়িত্ব নিয়ে সমাজকে বাস্তবতা বুঝতে সহায়তা করা। প্রথম পথটি সহজ, তাৎক্ষণিকভাবে জনপ্রিয়তা নিয়ে আসে। দ্বিতীয় পথটি কঠিন, কিন্তু তা রাষ্ট্রকে টিকে থাকতে সহায়তা করে। আজকের প্রেক্ষাপটে গণমাধ্যম কোন পথটি বেছে নেবে সেই প্রশ্নটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংকটে ‘নিরপেক্ষতা’ ব্যাপারটি প্রায়ই ভুলভাবে ব্যবহৃত হয়। নিরপেক্ষ থাকা মানে দায় এড়িয়ে যাওয়া নয়। বরং সত্য, প্রেক্ষাপট ও দায়িত্বের প্রতি অনুগত থাকাই প্রকৃত নিরপেক্ষতা। যখন সমাজ বিভক্ত, তখন গণমাধ্যম যদি কেবল বক্তব্য-বক্তব্য খেলায় মেতে ওঠে, তাহলে সত্য আড়ালে পড়ে যায়। উত্তেজনাকর শিরোনাম, আংশিক তথ্য বা প্রাসঙ্গিকতা ছাড়া মতামত তুলে ধরলে বিভাজন আরও গভীর হয়।
এই বাস্তবতায় গণমাধ্যমের দায়িত্ব থাকে দুদিকে। প্রথমত, তথ্যের পূর্ণতা এবং প্রেক্ষাপট নিশ্চিত করা। দ্বিতীয়ত, রাজনৈতিক ভাষাকে এমনভাবে উপস্থাপন করা যাতে তা সহিংসতা, ঘৃণা বা ‘আমরা বনাম তারা’ মানসিকতা উসকে না দেয়। সংবাদ পরিবেশন নিজেই বিশেষ রাজনৈতিক কাজ এ সত্য অস্বীকার করলে গণমাধ্যম নিজের ভূমিকা ছোট করে ফেলবে। সহজভাবে বলা যেতে পারে, জাতীয় ঐক্য রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে একদিকে, ক্ষমতার সমালোচনা করা। অন্যদিকে রাজনৈতিক দলগুলোকে আয়নার সামনে দাঁড় করিয়ে তাদের ভবিষ্যৎ আচরণের মানদণ্ড নির্ধারণে চাপ তৈরি করা। শুধু বিরোধিতা নয়, গণমাধ্যমকে বিভিন্ন ইতিবাচক উদ্যোগের স্বীকৃতিও দিতে হবে। বলা হয়ে থাকে যে, সাংবাদিকতার দায়িত্ব শুধু সমালোচনায় সীমাবদ্ধ নয় প্রশংসাও সাংবাদিকতার অংশ। গণতন্ত্রে সমালোচনা অপরিহার্য। কিন্তু সমালোচনার নামে নেতিবাচক উপস্থাপন যদি একমাত্র ভাষা হয়ে ওঠে, তবে তা আস্থাহীনতা তৈরি করে। সমাজ তখন বিশ্বাস করতে শেখে- সবকিছু ভুল, সবাই সন্দেহজনক। এই মানসিকতা জাতীয় ঐক্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দায়িত্বশীল গণমাধ্যম জানে, কোথায় কঠোর প্রশ্ন তুলতে হয় আর কোথায় ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি দিতে হয়। এই ভারসাম্য নষ্ট হলে নাগরিক হতাশ হয়, রাজনৈতিক পক্ষগুলো আরও আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক হয়ে ওঠে।
প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। কোথাও শূন্যতা সৃষ্টি হলে তা হয় ধ্বংসের উপাদান দিয়ে কিংবা সৃষ্টি দিয়ে পূর্ণ হবে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অনিশ্চয়তা ও নেতৃত্বের অনুপস্থিতি সমাজে বিভ্রান্তি তৈরি করেছে। নেতৃত্ব দৃশ্যমান না হলে সেখানে গুজব, অনুমান এবং ভয় জায়গা করে নেয়। গণমাধ্যমের কাজ এখানে গুজব বাড়ানো নয়, বরং শূন্যতার বাস্তবতা ব্যাখ্যা করা। কোন অনুপস্থিতি কী ধরনের প্রভাব ফেলছে, ভবিষ্যৎ নেতৃত্বের কাছে কী ধরনের প্রত্যাশা আছে এসব প্রশ্ন উপস্থাপন করতে হবে যুক্তির ভাষায়, উত্তেজনা ছড়িয়ে নয়। একই সঙ্গে গণমাধ্যমকে মনে রাখতে হবে, ক্ষমতার বাইরে থাকা অবস্থায় গণমাধ্যম-বান্ধব ভাষা আর ক্ষমতায় গিয়ে সমালোচনার প্রতি সহনশীলতা এই দুইয়ের মধ্যে ধারাবাহিকতা না থাকলে গণতন্ত্র বিশ্বাসযোগ্যতা হারায় এবং প্রতিষ্ঠানগত সংকটে পড়ে। ইতিহাস বলে, এই প্রশ্নগুলো সময়মতো না তুললে তার মূল্য রাষ্ট্রকেই দিতে হয়। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কেবল ক্ষমতা বা বিরোধিতার প্রশ্ন নয় বরং এটা সমাজের স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। রাজনৈতিক শূন্যতা বিপজ্জনক এবং এই পরিস্থিতি সব দলের জন্যই ঝুঁকিপূণ। ক্ষমতায় যেতে চাওয়া যে কোনো রাজনৈতিক দলের ভাষা, আচরণ ও সাংগঠনিক সংস্কৃতিতে বিনয় ও সহনশীলতার প্রতিফলন থাকা অত্যন্ত জরুরি। সমালোচনা গ্রহণ করার মানসিকতা না থাকলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়ে। এই জায়গায় গণমাধ্যমকে শুধু প্রশ্ন তুলে থেমে গেলে চলবে না, তাকে ধারাবাহিকভাবে মনে করিয়ে দিতে হবে সমালোচনা করা মানে রাষ্ট্রবিরোধিতা করা নয়, বরং রাষ্ট্রকে শক্তিশালী করার অন্যতম প্রক্রিয়া। আবার জাতীয় ঐক্য মানে ঢালাওভাবে সবাই একমত হয়ে যাওয়া নয়। জাতীয় ঐক্য মানে হচ্ছে ভিন্নমত প্রকাশ করার পরিবেশ গড়ে তোলা, ভিন্নমতকে অভিনন্দন জানানো এবং নিরাপদ রাখা। মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়লে ঐক্য কাগজে থাকলেও বাস্তবে ভেঙে পড়ে। গণমাধ্যমের ওপর হামলা, ভয়ভীতি বা চাপ কেবল সাংবাদিকদের বিষয় নয় এটা নাগরিক অধিকারের প্রশ্ন। যে সমাজে প্রশ্ন করতে ভয় লাগে, সেখানে ঐক্য নয়, নীরবতা জন্মায়। ৯গণমাধ্যমের দায়িত্ব শুধু নিজের স্বাধীনতা রক্ষা করা নয়, সেই স্বাধীনতাকে নৈতিকভাবে ব্যবহার করাও। মিথ্যা, গুজব বা উসকানিমূলক তথ্য প্রকাশকে স্বাধীনতা বলে না। তা হচ্ছে দায়িত্বহীনতা। ঐক্য রক্ষার জন্য সত্যের প্রতি কঠোর থাকা ছাড়া বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে গোষ্ঠী স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে গুজব ছড়িয়ে সহিংস জনতার উত্থান এবং প্রতিষ্ঠান লক্ষ্য করে আক্রমণ রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত দুর্বলতার প্রকাশ। এই পরিস্থিতিতে গণমাধ্যম যদি উত্তেজনামূলক ভাষা ব্যবহার করে বা সহিংসতাকে পরোক্ষভাবে বৈধতা দেয়, তবে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে। বরং সহিংসতার নৈতিক প্রশ্ন তুলে ধরা, আইনের শাসনের গুরুত্ব ব্যাখ্যা করা এবং সহিংসতার দীর্ঘমেয়াদি ক্ষতি দেখানো এগুলোই দায়িত্বশীল সংবাদচর্চা। সম্প্রতি দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে শুধু দুটো গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর আক্রমণ বলা যায় না। এটা স্পষ্টভাবে মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
রাষ্ট্রীয় দুর্বলতা যখন সহিংস জনতার উত্থানকে প্রশ্রয় দেয়, তখন গণমাধ্যম হয়ে ওঠে শেষ আশ্রয়। কিন্তু সেই আশ্রয়ও যদি নিরাপদ না থাকে, তাহলে সমাজ দ্রুত নৈরাজ্যের দিকে ধাবিত হতে থাকে। মিম, গ্রাফিতি, কৌতুক, কার্টুন ও ফেইক ফটোকার্ড : আধুনিক সহনশীলতার পরীক্ষা আজকের রাজনৈতিক মত প্রকাশ শুধু সম্পাদকীয় বা উপসম্পাদকীয় পাতায় সীমাবদ্ধ নয়। সোশ্যাল মিডিয়ার মিম, ডিজিটাল কার্টুন, ভাইরাল ভিডিও এবং শহরের দেয়ালে আঁকা গ্রাফিতি এসব এখন রাজনৈতিক ভাষার অংশ হয়ে গেছে। এগুলো অনেক সময় ব্যঙ্গের মাধ্যমে গভীর প্রশ্ন তুলে ধরে। এই প্রকাশকে দমন করা নয়, বরং সহনশীলতার সঙ্গে গ্রহণ করাই পরিণত গণতন্ত্রের লক্ষণ। তবে মিম বা গ্রাফিতি যদি ঘৃণা, সহিংসতা বা ব্যক্তিগত আক্রমণে রূপ নেয়, তাহলে তা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ বা বলা যেতে পারে সতর্কবার্তা। দায়িত্বশীল ব্যঙ্গ সমাজকে প্রশ্ন করতে শেখায়। গণমাধ্যম এখানে কোনটা মত প্রকাশ আর কোনটা উসকানি এই পার্থক্য স্পষ্ট করে তুলে ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। রাজনৈতিক নেতৃত্বের উচিত এসব ডিজিটাল ব্যঙ্গকে সমালোচনার অংশ বা শিখন হিসেবে দেখা, শত্রুতা হিসেবে নয়। একই সঙ্গে গণমাধ্যমের দায়িত্ব, এই নতুন ভাষার প্রভাব বিশ্লেষণ করা তা কীভাবে ঐক্য গড়তে পারে, আবার কীভাবে বিভাজন বাড়াতে পারে। কিন্তু একটি বিষয় যথেষ্ট অ্যালার্মিং হয়ে দেখা দিয়েছে। এখন সোশ্যাল মিডিয়া নিছক যোগাযোগের মাধ্যম নয়, এটা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করার শক্তিশালী প্ল্যাটফর্ম। কিন্তু এই শক্তি হুমকি হয়ে উঠেছে ফেইক ফটোকার্ড, বিকৃত ছবির মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে। যখন এগুলো উদ্দেশ্যপ্রণোদিত হয়, তখন তা শুধু বিভ্রান্তি নয়, সমাজে অবিশ্বাস, উত্তেজনা এবং বিভাজনের সৃষ্টি করে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণমাধ্যম শুধু খবর পরিবেশন করে না- তথ্য যাচাই, বিশ্লেষণ এবং জনসচেতনতা বৃদ্ধি করার দায়িত্ব পালন করে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা রোধ করতে, গণমাধ্যমকে নিশ্চিত করতে হবে যে- প্রতিটি ছবি, ভিডিও বা তথ্যের উৎস এবং সত্যতা যাচাই হচ্ছে। শুধু খবর প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না, বরং সেটাকে প্রাসঙ্গিক বিশ্লেষণ ও ব্যাখ্যার সঙ্গে উপস্থাপন করাও সমান গুরুত্বপূর্ণ। এতে জনগণ বিভ্রান্ত হয় না এবং রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব বুঝতে পারে। সোশ্যাল মিডিয়ার দ্রুত বিস্তৃত শক্তি সঠিকভাবে ব্যবহার করা গেলে তা জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতার সহায়ক হবে। তবে এর বিপরীত প্রভাব, যেমন ফেইক ফটোকার্ড বা বিভ্রান্তিকর ডিজিটাল মিডিয়া, রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। তাই দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। এ কথা তো সত্য যে, সাংবাদিকদের কাজ শুধু তথ্য প্রকাশ করা নয়, তথ্য যাচাই, বিশ্লেষণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্বও বহন করে। স্বচ্ছতা বজায় রাখা, বিভ্রান্তি শনাক্ত করা এবং জনগণকে সচেতন করা গণমাধ্যমের মূল কর্তব্য। বাংলাদেশের সামনে আরেকটি বড় পরীক্ষা হলো নির্বাচন। নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটা রাষ্ট্রের বৈধতার সনদ। একটি দায়িত্বহীন শিরোনাম যেমন দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে, তেমনি দায়িত্বশীল বিশ্লেষণ আস্থা গড়ে তোলে। জাতীয় ঐক্য কোনো একদিনে তৈরি হয় না। এটা প্রতিদিনের শব্দবাছাই, প্রতিদিনের শিরোনাম, প্রতিদিনের বিশ্লেষণ থেকে গড়ে ওঠে। গণমাধ্যম চাইলে বিভাজনকে পুঁজি করে জনপ্রিয়তা অর্জন করতে পারে। আবার চাইলে দায়িত্ব নিয়ে স্থিতির ভিত্তি তৈরি করতে পারে। এই সময়ে গণমাধ্যমের কাছে প্রত্যাশা, গণমাধ্যম যেন সমাজে বিভাজন না বাড়ায়, বরং আয়না হয়ে মানুষকে নিজের অবস্থান নতুনভাবে ভাবতে বাধ্য করে।
লেখক: চাইল্ড কেয়ার
ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন কনসালট্যান্ট, ইউনিসেফ
dipumahmud1971@gmail.com