ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি প্রো লিগ শিরোপা জয়ের লক্ষ্যে বড় স্বস্তির খবর এসেছে। ফিফা আল-নাসরের ওপর আরোপিত ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যার ফলে ক্লাবটি আবার নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাচ্ছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর আগে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবকে একাধিক ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে সেই তালিকা থেকে এখন বাদ পড়েছে আল-নাসর। ফলে রোনালদো ও তার সতীর্থরা আর সেই নিষেধাজ্ঞার আওতায় নেই।
ফিফা ১৯ ডিসেম্বর নিষেধাজ্ঞাপ্রাপ্ত ক্লাবগুলোর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছিল, যেখানে আল-নাসরের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই ক্লাবটি প্রয়োজনীয় শর্ত পূরণ করায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
২০২৬ সাল শুরুর সঙ্গে সঙ্গে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলছে। ফলে রিয়াদভিত্তিক ক্লাবটি এখন নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। এই সিদ্ধান্ত রোনালদোর জন্য বড় স্বস্তির, কারণ তিনি সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে লড়ছেন।
আল-নাসরের ওপর নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ ফিফা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে সৌদি সংবাদমাধ্যম আল রিয়াদিয়া জানিয়েছে, ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তেকে দলে নেওয়ার চুক্তির একটি কিস্তির টাকা পরিশোধ না করায় এই সমস্যা তৈরি হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আগস্টে ম্যানচেস্টার সিটিকে ৯ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল, কিন্তু সেই অর্থ সময়মতো পরিশোধ না হওয়ায় ফিফা আল-নাসরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর আগেও ২০২৩ সালের জুলাই মাসে আল-নাসরের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
সে সময় সাবেক লেস্টার সিটি খেলোয়াড় আহমেদ মুসার পারফরম্যান্স বোনাস সংক্রান্ত প্রায় ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ না করায় বিষয়টি ফিফার নজরে আসে। পরে প্রায় ২০ লাখ ইউরো পরিশোধ করার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।