আফ্রিকা কাপ অব নেশন্সে জিম্বাবুয়ের বিপক্ষে মিসরের নাটকীয় জয়ের পর মোহাম্মদ সালাহকে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড। লিভারপুল তারকা সালাহ ম্যাচ শেষে সতীর্থ ও গোলদাতা ওমর মারমুশ–এর সঙ্গে ছবি পোস্ট করেন, আর সেটার প্রতিক্রিয়ায় দ্রুত মন্তব্য করেন হলান্ড।
লিভারপুলে টালমাটাল কয়েক সপ্তাহ কাটানোর পর সালাহ আফ্রিকা কাপ খেলতে উড়াল দেন। একটি বিস্ফোরক সাক্ষাৎকারে সালাহ ক্লাবের সমালোচনা করেছিলেন। তার দাবি ছিল, ক্লাব কোচ আর্নে স্লট তাকে বেঞ্চে বসিয়েছেন! তবে এসব সমস্যা এক পাশে রেখে সোমবার আফ্রিকা কাপ-এর উদ্বোধনী ম্যাচে মিসরের হয়ে উজ্জ্বল ছিলেন সালাহ।
ম্যাচে প্রথমে চমকে যায় মিসর—জিম্বাবুয়ের কাছে ১-০ গোলে পিছিয়ে পড়ে ফারাওরা। দ্বিতীয়ার্ধে ওমর মারমুশ গোল করে সমতা ফেরান। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই স্টপেজ টাইমে সালাহ গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করে মিসর। ম্যাচ শেষে মারমুশের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন সালাহ।
সেই ছবিতে হালান্ড মন্তব্য করেন ‘Salam brusjans’। এই দুই শব্দের অর্থ নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়। অনেকে মনে করছেন, এটি আরবি ও নরওয়েজিয়ান ভাষার মিশ্রণ। সাধারণভাবে এর মানে দাঁড়ায়— ‘ভাইসব, শান্তি’। বড়দিনের আবহে এটি ছিল বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা। ২০২২ সালে হলান্ড ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই সালাহ ও হলান্ডের মধ্যে ব্যক্তিগত ও পরিসংখ্যানগত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।
হালান্ড এই সময়ে জিতেছেন ২টি প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া তিনি ২০২২–২৩ ও ২০২৩–২৪ মৌসুমে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতেছেন। অন্যদিকে সালাহও পিছিয়ে নেই। একই সময়ে তিনি লিভারপুলের হয়ে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন এবং এক মৌসুমে হালান্ডকে হারিয়ে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন।