সৌদির নির্জন দ্বীপে ১১৫ কোটির দুটি বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের উপকূলবর্তী একটি নির্জন ব্যক্তিগত দ্বীপে অবস্থিত দুইটি বিলাসবহুল ভিলা কিনেছেন। এতে তার ব্যয় হয়েছে প্রায় ৭ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১১৫ কোটি টাকারও বেশি। রোনালদোর নতুন ভিলাগুলো সৌদি রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০০ মাইল দূরে অবস্থিত।

৪০ বছর বয়সী আল-নাসর ও পর্তুগাল জাতীয় দলের এই তারকা খেলোয়াড় সৌদি আরবের লোহিত সাগরের মাঝখানে অবস্থিত নুজুমা রিসোর্টে দুইটি আলাদা ভিলা কিনেছেন, যেগুলোর প্রতিটির মূল্য প্রায় ৩.৫ মিলিয়ন পাউন্ড। এই দ্বীপে পৌঁছানো যায় শুধুমাত্র সি-প্লেন বা নৌকায়, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যক্তিগত ও নিরাপদ অবকাশযাপন স্থানে পরিণত করেছে।

এই এক্সক্লুসিভ রিসোর্টের ভিলাগুলো ডিজাইন করেছেন খ্যাতনামা ব্রিটিশ স্থপতি লর্ড নরম্যান ফস্টার। রিসোর্ট কর্তৃপক্ষ এই স্থানকে বর্ণনা করেছে, ‘বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত দ্বীপগুলোর একটি, যেখানে আধুনিক নকশা, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য এবং বিলাসিতা একসঙ্গে মিলেছে।’ এই দ্বীপে যেতে হলে প্রথমে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হয়, এরপর সি-প্লেন বা বোটে করে নুজুমায় পৌঁছাতে হয়।

নিজের নতুন সম্পদ ক্রয় নিয়ে সৌদি গেজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আপনি যাই বলুন না কেন, এটি সত্যিই অসাধারণ। প্রথমবার এখানে আসার পর থেকেই জর্জিনা আর আমি এই দ্বীপের সঙ্গে এক গভীর সম্পর্ক অনুভব করেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শ্বাসরুদ্ধকর। এটি এমন একটি জায়গা, যেখানে আমরা সত্যিকারের শান্তি ও প্রশান্তি খুঁজে পাই।’

রেড সি ইন্টারন্যাশনালের সিইও জন পাগানো রোনালদো পরিবারকে স্বাগত জানিয়ে বলেন, ‘ক্রিশ্চিয়ানো ও জর্জিনাকে রেড সি রেসিডেন্সেস কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এখানে তাদের বাড়ি কেনার সিদ্ধান্ত প্রমাণ করে যে, যারা একসঙ্গে অ্যাডভেঞ্চার, গোপনীয়তা, বিলাসিতা ও প্রকৃতি খোঁজেন—তাদের জন্য এই গন্তব্য কতটা আকর্ষণীয়। তাদের দ্য রেড সির দারুণ সব অভিজ্ঞতা দিতে আমরা মুখিয়ে আছি।’

‘গোল ডট কম’-এর রিপোর্ট অনুযায়ী, রোনালদো একটি তিন বেডরুমের ভিলা এবং আরেকটি দুই বেডরুমের ভিলা কিনেছেন। এতে সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও তাদের সন্তানদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ভিলায় রয়েছে সমুদ্রদৃশ্যসহ সুইমিং পুল, প্যানোরামিক কাচের জানালা, খোলা লিভিং স্পেস ও আকাশ পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ।

এছাড়া অতিথিরা ব্যবহার করতে পারবেন বিলাসবহুল স্পা, ডাইভিং সেন্টার এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টস সুবিধা। মাঠের বাইরে এমন রাজকীয় বিনিয়োগের পাশাপাশি মাঠেও দারুণ ছন্দে রয়েছেন রোনালদো। তিনি বর্তমানে আল-নাসরের হয়ে সৌদি প্রো লিগ শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং ক্যারিয়ারের ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার পথে এগিয়ে চলেছেন।