বৈধ দাবির ভিত্তিতেই পিটিআই-এর সঙ্গে আলোচনা সম্ভব: শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে আলোচনা কেবলমাত্র বৈধ দাবির ভিত্তিতেই সম্ভব এবং সংলাপের আড়ালে ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা সহ্য করা হবে না। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, তিনি বিরোধীদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে চান এবং এ জন্য আগেও আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার সহযোগীরাও আলোচনা করার বিষয়ে কথা বলেছেন। তিনি আগে পিটিআই নেতাদের সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জাতীয় পরিষদকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

 শেহবাজ বলেন, শুধুমাত্র বৈধ দাবির উপর আলোচনা হতে পারে। আলোচনার আড়ালে ব্ল্যাকমেইলিং কাজ করবে না। যদি তারা এর জন্য প্রস্তুত থাকে, তাহলে পাকিস্তান সরকার অবশ্যই প্রস্তুত। 
তিনি বলেন, দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সকল রাজনৈতিক দলের মধ্যে সম্প্রীতি অপরিহার্য।
 
পিটিআই-এর কারাবন্দী প্রতিষ্ঠাতা ইমরান খান, মাহমুদ খান আছাকজাইয়ের সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করার দুই দিন পর তার এই মন্তব্য আসল।