মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় পিকআপভ্যানের চালক ঘটনাস্থল ত্যাগ করেছেন।
নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। নিহত দুই যুবক দীর্ঘদিনের বন্ধু ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলটি কুলাউড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় দু’জন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন, তারা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর থেকেই ওই এলাকায় ঘন কুয়াশা ছিল, যে কারণে সড়কে যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। কম দৃশ্যমানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন। পাশাপাশি, দুর্ঘটনার সময় উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।