ওসমানী বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ

আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানযোগে লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করবেন। তাকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তার দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত ও ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি সিলেট জেলা ও মহানগরসহ সিলেট বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় নির্দেশনা মেনে চলার আহবান জানান।

প্রসঙ্গত,  দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।