ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে বিজয় হাজারে ট্রফিতে প্রায় ১৬ বছর পর খেলতে নেমেছেন বিরাট কোহলি। আজ বুধবার বেঙ্গালুরুতে দিল্লির হয়ে অন্ধ্র প্রদেশের বিপক্ষে ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা। ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। তার আগে একমাত্র ভারতীয় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিলেন শচীন টেন্ডুলকার।
২০০৬ সালের ফেব্রুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ওয়ানডে টুর্নামেন্টে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছিল কোহলির। দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি। এরপর কেটে গেছে প্রায় ২০ বছর। সব মিলিয়ে বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে ১৬ হাজার লিস্ট ‘এ’ রান পূর্ণ করলেন কোহলি। এতে তার খেলত হয়েছে ৩৪৩ ম্যাচ। এই পর্যায়ে থাকা ব্যাটসম্যানদের মধ্যে তার গড়ই সর্বোচ্চ—৫৭.৩৪।
দিল্লির হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে কোহলি এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে ৬০.৬৬ গড়ে করেছেন ৯১০ রান। নামের পাশে রয়েছে ৪টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির দিক থেকে অবশ্য এখনো টেন্ডুলকারের পেছনেই আছেন কোহলি। আন্তর্জাতিক ওয়ানডেতে ৫৩টি সেঞ্চুরি করে শচীনকে পেছনে ফেললেও সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীনের সেঞ্চুরি সংখ্যা ৬০, আর কোহলির ৫৭। রানের দিক থেকেও শচীন এগিয়ে। তার সংগ্রহ ২১ হাজার ৯৯৯ রান।
সর্বশেষ ২০১০–১১ মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে দিল্লির নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। দীর্ঘ বিরতির পর এবারই প্রথম তিনি এই টুর্নামেন্টে ফিরলেন। চলতি বছর ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটেও তার পারফর্মেন্স দুর্দান্ত। টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটিং দানব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছেন। ৬৫১ রান করে হয়েছেন ভারতের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক।