দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি পুরো দেশের নেত্রী। আমাদের ভোটাররা তাকে সর্বোচ্চ সম্মান ও ভোট দিয়ে জয়ী করবেন। আমরা নেত্রীকে সর্বোচ্চ ভোটে জয়ী করতে প্রাণপণ চেষ্টা করবো। গত ১৩ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি, যা দুর্নীতি, সমন্বয়ের অভাব ও ইচ্ছার অভাবের ফলস্বরূপ। এই সময়ে দেশে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, যার কারণে দিনাজপুরের উন্নয়ন ব্যাহত হয়েছে। তবে, বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা, তার নির্বাচিত হলে দিনাজপুরের উন্নয়ন দৃশ্যমান হবে।’

এদিকে, দিনাজপুরবাসী খালেদা জিয়াকে নির্বাচনে জয়ী করতে প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।