চট্টগ্রাম নগরে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১৩৭ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি পথচারী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যৌথ সড়ক নিরাপত্তা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপির সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করা হয়েছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেইফটি কর্মসূচির আওতায় প্রতিবছরের ডিসেম্বরে ২০১৭ সাল থেকে আগের বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সড়ক দুর্ঘটনায় ৬৬২ জন নিহত হয়েছেন। গত বছর প্রকাশিত প্রতিবেদনে ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৫২৫ জনের প্রাণহানির তথ্য দেওয়া হয়েছিল। এ হিসেবে ২০২৪ সালে এক বছরে নিহতের সংখ্যা ১৩৭। ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে মৃত্যুর হার বেড়েছে ২৯ শতাংশ। এই সময়ে সবচেয়ে বেশি নিহত হয়েছেন পথচারী, প্রায় ৩৬৩ জন, যা মোট নিহতের অর্ধেকেরও বেশি। পথচারীর পর সবচেয়ে ঝুঁকিতে ছিলেন দুই ও তিন চাকার যানবাহনের যাত্রী এবং চালকরা, নিহত হয়েছেন ১৯৫ জন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রতিবেদনে ২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে বিজ্ঞানসম্মতভাবে সেগুলোর ত্রুটি সমাধানের কথা বলা হয়েছে। এর মধ্যে উলে­খযোগ্য হচ্ছে- নগরীর বড়পোল মোড়, অলংকার মোড়, সিইপিজেড গেট, সিটি গেট, নিউমার্কেট বাসস্টপ, কালামিয়া বাজার বাসস্টপ এবং সাগরিকা গোলচত্বর। বৈশ্বিক জনস্বাস্থ্য  সংস্থা ভাইটাল স্ট্যাটেজিসের সহায়তায় তৈরি সমীক্ষা প্রতিবেদনের মূল তথ্য উপস্থাপন করেন বিআইজিআরএস’র সার্ভেইলেন্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর লাবিব তাজওয়ান উৎসবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী এবং চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল।