ককটেল বিস্ফোরণে নিহত সিয়ামের মরদেহ ঢামেকে

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানা পুলিশ লাশটি মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, সিয়াম মজুমদারের (২১) বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার কলোনিতে। তার বাবার নাম আলী আকবর। পরিবার নিয়ে থাকেন নিউ ইস্কাটন দুই হাজার গলির ১০১ নম্বর বাসায়। বৃহস্পতিবার তার মরদেহের ময়নাতদন্ত করা হবে।

নিহত সিয়ামের সহকর্মী অহিদুল হাওলাদার জানান, নিউ ইস্কাটনে "জাহিদ কার ডেকোরেশনের" কর্মচারী সিয়াম। গত ৩-৪ বছর যাবৎ এখানে কাজ করে সে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানে কাজ সেরে চা পান করার জন্য বের হয়েছিল সিয়াম। চা পান করেই চলে আসবে। এর আধাঘণ্টা পর দোকানে এসে কয়েকজন খবর দেয়, তাদের দোকানের কর্মচারী সিয়াম মারা গেছে। রাস্তায় তার লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা দোকান থেকে ঘটনাস্থলে গিয়ে সিয়ামের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।

তিনি জানান, সিয়াম অবিবাহিত। তার বাবা সিএনজি অটোরিকশা চালক।