দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি চূড়ান্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা। স্থানীয়দের মতে, তৃণমূলভিত্তিক দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবেই এডভোকেট আব্দুল মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এডভোকেট আব্দুল মান্নান নবীনগরের রাজনীতিতে একজন সুপরিচিত ও পরীক্ষিত নেতা। টানা ৪২ বছর ধরে তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থেকে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে আসছেন। মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ পথচলার ফলেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেছেন।
মনোনয়ন ঘোষণার পর নবীনগরের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, অভিজ্ঞ সংগঠক হিসেবে এডভোকেট আব্দুল মান্নানের উপস্থিতি নির্বাচনী মাঠে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
তবে স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনী লড়াইয়ে সফল হতে হলে মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের ঐক্যের মধ্যে আনাও বড় চ্যালেঞ্জ হবে। নাম প্রকাশ না করার শর্তে দলের একাংশের নেতাকর্মীরা বলছেন, সবাইকে সঙ্গে নিয়ে এগোতে পারলেই নবীনগরে বিজয়ের সম্ভাবনা আরও বাড়বে।