দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!
জানা গেছে, বিমানটি প্রথমে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, যেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি। এরপর বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তার আগমন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে তারেক রহমানের জন্য এই বুলেটপ্রুফ গাড়ি বিমানবন্দরে পৌঁছায়। এ গাড়িতে করেই যাতায়াত করবেন তিনি।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। তার সাথে একই বিমানে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ‘বিজি ২০২’ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।