আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার হয়ে অভিষেক হলো ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের দ্বিতীয় ছেলে লুকা জিদানের। সুদানের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি কোনো গোল হজম করেননি। রিয়াদ মাহরেজের জোড়া গোলে সুদানকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় আলজেরিয়া। তৃতীয় গোলটি করেন ইব্রাহিম মাজার।
ছেলের অভিষেক ম্যাচে ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। যতবার স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে লুকার ছবি দেখানো হয়েছে, ততবারই উল্লাসে ফেটে পড়েছেন সমর্থকেরা। লুকা আগে ফরাসি জুনিয়র দল থেকে খেলেছেন, তবে জিদানের পিতা-মাতা আলজেরীয় হওয়ার সুযোগে তিনি আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।
আলজেরিয়া দুইবার আফ্রিকা কাপ অব নেশসন্সের গ্রুপ পর্বে কোনো জয় পায়নি। এই জয়ের মাধ্যমে যেন একটি চক্র পূরণ হলো। অন্যদিকে সুদানের জন্য এই হার দীর্ঘ এবং বেদনাদায়ক একটি পরিসংখ্যান আরও দীর্ঘায়িত করল। ১৯৭০ সালের শিরোপা জয়ের পর এই টুর্নামেন্টের ১৭টি ম্যাচে তাদের জয় মাত্র একটি। আলজেরিয়ার আনন্দের দিনে লুকা জিদানও নিজের গোলপোস্ট সামলেছেন দারুণভাবে। অভিষেকে গোল না খাওয়া তার ক্যারিয়ারের দারুণ এক অর্জন।