বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেডের (বিজিএফসিএল) ৭০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সাবেক সচিব মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পেট্রোবাংলা, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় শেয়ারহোল্ডার হিসেবে পেট্রোবাংলার সম্মানিত চেয়ারম্যান মো. রেজানুর রহমান ও পেট্রোবাংলার সার্বক্ষণিক পরিচালকবৃন্দ ও সচিব, কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ এবং বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
২০২৪-২৫ অর্থবছরে বিজিএফসিএল উৎপাদনশীল ৫টি ফিল্ডের মোট ৩৮টি কূপ হতে দৈনিক গড়ে প্রায় ৫১৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে ৫২৯৯.৬৩ এমএমসিএম গ্যাস দেশীয় ৫টি গ্যাস বিতরণ কোম্পানি টিজিটিডিপিএলসি, বিজিডিসিএল, জেজিটিডিএসএল, পিজিসিএল ও এসজিসিএল-এর নিকট বিক্রয় করে। পাশাপাশি, গ্যাসের উপজাত হিসেবে দৈনিক প্রায় ৪০৩ ব্যারেল হারে প্রাপ্ত সর্বমোট ২৩১.৪৭ লক্ষ লিটার কনডেনসেট বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড-এর নিকট বিক্রয় করা হয়।
এছাড়া বাপেক্স ও ক্রিস এনার্জি বাংলাদেশ লিমিটেডের (বাঙ্গুরা ফিল্ড) নিকট হতে প্রাপ্ত ১১১.৩৭ লাখ লিটার কনডেনসেট হ্যান্ডলিং করে সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড-কে সরকারি বরাদ্দ মোতাবেক সরবরাহ করা হয়।
বর্তমানে বিজিএফসিএল দৈনিক ৪৮৬ মিলিয়ন ঘনফুট হারে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে যা দেশের মোট উৎপাদনের প্রায় ২৭% এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাস উৎপাদনের প্রায় ৬৭%। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির করপূর্ব মুনাফা হয়েছে ১৫৫.১৬ কোটি টাকা। কোম্পানি আলোচ্য অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি কোষাগারে ভ্যাট, ইনকাম ট্যাক্স, লভ্যাংশ ও ডিএসএল বাবদ ১০৮৩.৮৮ কোটি টাকা জমাপ্রদান করেছে। কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে পেট্রোবাংলার মাধ্যমে সরকারকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (অগ্রিম) হিসেবে ১০.০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যা পরিশোধিত মূলধনের ০.৯৬%। উল্লেখ্য, চলতি অর্থবছরের পরিশোধিত লভ্যাংশ কর পরবর্তী নিট মুনাফার ১২.৯৮% এবং শেয়ার প্রতি আয় (EPS) ০.৭৪ টাকা।