মতলবে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৮

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২৮ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব-এর নেতৃত্বে কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মতলব সার্কেলের আওতাধীন মতলব উত্তর ও দক্ষিণ থানার একাধিক মাদক স্পটে অভিযান পরিচালনা করে ২৮ জন কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে মো. শিপু প্রধান (১৭) নামের একজনের নিকট থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। অপর আটককৃতদের নিকট থেকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের পরিবার বা অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।  

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, কিশোর গ্যাং কালচার মতলব এলাকায় কোনোভাবেই চলবে না। পড়াশোনার বয়সে সন্ধ্যার পর অযথা আড্ডাবাজি, মাদক সেবন, ইভটিজিং ও সাধারণ মানুষকে হয়রানির কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। মতলব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ আপসহীন।