রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে অমৃত মন্ডল সম্রাট নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আগ্নেয়াস্ত্রসহ নিহতের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের এই ঘটনা ঘটে।
নিহত অমৃত মন্ডল সম্রাট (২৫) উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মন্ডলের ছেলে। তিনি সম্রাট বাহিনীর প্রধান বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় ও পুলিশ জানায়, সম্রাট স্থানীয়ভাবে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন। তিনি এই বাহিনী নিয়ে এলাকাসহ আশপাশের এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকাণ্ড করতেন। তিনি দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর দেশে এসে আবারও চাঁদাবাজিতে জড়ান। গত এক মাস আগে তার নিজ এলাকায় শহীদ শেখ নামে একজনের কাছে চাঁদা দাবি করেন এবং বুধবার রাতে ওই বাড়িতে চাঁদা নিতে গেলে বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এসময় এলাকার লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সম্রাটের মৃত্যু হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, নিহত সম্রাটের নামে থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি ওয়ান শুটারগানসহ সেলিম নামে একজনকে আটক করা হয়েছে। আপাতত এলাকার পরিবেশ শান্ত রয়েছে।