শুক্রবার কেন্দ্রীয় সদস্য সম্মেলন

বিদায় নিচ্ছেন জাহিদ, শিবিরের নতুন নেতৃত্বের দৌড়ে সাদ্দাম-সিবগাতুল্লাহ

বিদায় নিতে চান সভাপতি জাহিদুল ইসলাম। নতুন বছরে কে ধরছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাল? 

দলটির কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সংগঠনের ভেতরে-বাইরে এখন সেই কৌতূহল। 

শুক্রবার ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবিরের সম্মেলন। 

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন থেকে নতুন নেতৃত্ব নির্বাচনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্রমতে, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর দলে থাকতে চান না। সে হিসেবে নতুন বছর থেকেই দায়িত্ব থেকে বিদায় নিতে চান তিনি। 

গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সারা দেশ থেকে আসা সাড়ে সাত হাজার সদস্যের সরাসরি গোপন ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। 

এবারের সম্মেলনে সভাপতি হওয়ার দৌঁড়ে বেশ কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।

শীর্ষ পদের জন্য এগিয়ে আছেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমও। 

যদিও সংগঠনটির ইতিহাস ঘেঁটে দেখা গেছে, শিবিরের রাজনীতিতে সেক্রেটারিই সাধারণত কেন্দ্রীয় সভাপতি হয়ে থাকেন। এমন না হওয়ার নজির খুব একটা দেখা যায়নি সংগঠনটিতে। সে হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম দলটির নতুন কাণ্ডারি হওয়ার সম্ভবনা প্রবল। 

এক্ষেত্রে আলোচনায় থাকা সিবগাতুল্লাহ, আজিজুর রহমান আজাদ ও সাদিক কায়েমের সেক্রেটারি হওয়ার সম্ভবনা রয়েছে।

সংগঠনটির নেতারা বলছেন, আলোচনায় থাকা নেতাদের মধ্যেই সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে যিনি সভাপতি নির্বাচিত হবেন, ব্যতিক্রম না হলে তিনি আলোচনায় থাকা বাকি নেতাদের মধ্য থেকেই একজনকে সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।