লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষ প্রার্থী নিজান

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক দুইবারের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

গত ২০ ডিসেম্বর বিএনপির অফিসিয়াল প্যাডে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ধানের শীষ প্রতীকের বরাদ্দ নিশ্চিত করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফ উদ্দিন নিজানই দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

এর আগে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির অফিসিয়াল প্যাডে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কে রামগতি-কমলনগর আসনে নির্বাচনী প্রচারে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠিকে কেন্দ্র করে দুই উপজেলার জেএসডি নেতাকর্মীরা জোটের প্রার্থী হিসেবে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবকে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান।

অন্যদিকে, সাবেক দুইবারের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান থেমে থাকেননি। তিনি রামগতি ও কমলনগরজুড়ে নিয়মিতভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। নেতাকর্মীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ধানেরশীষ প্রতীকে নিজানকে প্রার্থী ধরে মাঠে সক্রিয় ভূমিকা রাখেন, যা এলাকায় দলের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে।

এর আগে, ১১ ডিসেম্বর লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোটের গণসমাবেশে তানিয়া রব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, ‘খালেদা জিয়ার সুস্থতার ওপর দেশের অনেক কিছু নির্ভর করে। তাঁর সুস্থ হওয়া অত্যন্ত জরুরি।’

এ সময় বক্তব্যে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘বিগত দিনে দলের নেতাকর্মীদের পাশে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে-ময়দানে কাজ করেছি। আগামীতেও দলের স্বার্থে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো।’