মাকে দেখে গুলশানের বাসার পথে তারেক রহমান

অসুস্থ মা খালেদা জিয়াকে দেখার পর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গুলশানের বাসার পথে রওয়ানা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।

এর আগে বিকেল ৫টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আসেন করেন তারেক রহমান। পরে ৫টা ৫৪ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধানাস্থল থেকে তিনি এভারকেয়ারে আসেন।

হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের বিপুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। হাসপাতালের বাইরে তাঁরা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

আজ লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে বক্তৃতা শেষে এভারকেয়ারে যান তিনি।

তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশানের বাসায় চলে যান। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তারা।