হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. ওয়াহেদ অলক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খানের নেতৃত্বে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. ওয়াহেদ অলককে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো. ওয়াহেদ অলক দীর্ঘদিন ধরে নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তারকৃতের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।