আস্থার সেতু কি ভাঙছে?

বাংলাদেশ-ভারত সম্পর্ক কেবল দুটি রাষ্ট্রের কূটনৈতিক হিসাবনিকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের দীর্ঘশ্বাস, ভৌগোলিক বাস্তবতা, সংস্কৃতির মিল-অমিল, ধর্মীয় অনুভূতি, অর্থনৈতিক স্বার্থ এবং সর্বোপরি উপমহাদেশের রাজনীতির ঘূর্ণিপাক। অথচ সেই সম্পর্কই আজ এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, হত্যা, কাঁটাতারের বিভাজন, নদীর পানিবণ্টন নিয়ে অমীমাংসিত বিরোধ, বাণিজ্যিক অসমতা, গোয়েন্দা তৎপরতা ও রাজনৈতিক সন্দেহ সব মিলিয়ে প্রশ্ন উঠছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে যে আস্থার সেতু একসময় নির্মিত হয়েছিল, তা কি আজ ভেঙে পড়ছে? নাকি সেই আস্থার সেতুতে প্রকৃত সত্য লুকানো ছিল? আমরা সত্যকে বিশ্লেষণ করিনি! বাংলাদেশ ও ভারতের সম্পর্কের শিকড় প্রোথিত, ১৯৪৭ সালের দেশভাগের গভীরে। উপমহাদেশ ভাগের মাধ্যমে জন্ম নেয় পাকিস্তান ও ভারত। আর পূর্ববঙ্গ পরিণত হয় পূর্ব পাকিস্তানে। এই বিভাজন কেবল ভূখণ্ডকে ভাগ করেনি ছিন্নভিন্ন করেছে সামাজিক বন্ধন, পারিবারিক সম্পর্ক এবং সাংস্কৃতিক ঐক্য। তৎকালীন পূর্ব পাকিস্তান ভৌগোলিকভাবে ভারতের বুকের ভেতর একটি বিচ্ছিন্ন অংশে পরিণত হয়, যার চারদিকে ভারতীয় সীমান্ত। এই ভৌগোলিক অবস্থানই পরবর্তীকালে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। যে কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী সংকট।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই যুদ্ধে ভারতের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সামরিক, কূটনৈতিক ও মানবিক সহায়তা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহায়ক হয়েছিল। যে কারণে স্বাধীনতার পরপরই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। সম্পর্কের ভিত গড়ে উঠেছিল পারস্পরিক সহযোগিতা, সম্মান ও আস্থার ওপর নির্ভর করে। কিন্তু ইতিহাস দেখায় রাষ্ট্রীয় সম্পর্ক কখনোই স্থির থাকে না। রাজনৈতিক পালাবদল, ক্ষমতার পরিবর্তন ও আঞ্চলিক বাস্তবতা সেই সম্পর্কের রঙ বদলে দেয়। একইভাবে বিষয়টি নির্ভর করে, পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং শ্রদ্ধাবোধের ওপর। স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুবার ওঠানামা করেছে। সামরিক শাসন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় আসা, প্রতিটি পর্যায়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। কখনো বন্ধুত্বের কথা জোরালো হয়েছে, কখনো সন্দেহ ও দূরত্ব বেড়েছে। বিশেষ করে সীমান্ত প্রশ্ন, পানি বণ্টন ও অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ এই সম্পর্ককে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। এ সময়ে এসে দুই দেশের সম্পর্ক সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে। এটি অস্বীকার করার সুযোগ নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বড় মোড় এনে দেয়। এই অভ্যুত্থানের পূর্ব ও পরবর্তী সময়ে ভারতের ভূমিকা ও অবস্থান নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক রয়েছে। অভ্যুত্থানের আগে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক বলে প্রচার করা হতো। কিন্তু অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতের প্রতিক্রিয়া, বক্তব্য ও কূটনৈতিক অবস্থান অনেকের কাছে একপেশে ও সন্দেহজনক বলে মনে হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ভারত সম্পর্কে অনাস্থা আরও গভীর হয়েছে। এই অনাস্থার পেছনে শুধু রাজনৈতিক ঘটনা নয়, আছে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুভূতির প্রশ্নও।

বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে ধর্মীয় সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। অন্যদিকে ভারতে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম নির্যাতন, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন এবং বিজেপি সরকারের হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ভারতের অভ্যন্তরীণ এই নীতির প্রতিফলন সীমান্তের ওপারেও প্রভাব ফেলছে। বাংলাদেশের জনগণের একটি বড় অংশ মনে করে, ভারতে মুসলমানদের ওপর যে বৈষম্য ও নির্যাতন চলছে তা ভারতের রাষ্ট্রীয় নীতিরই অংশ, যা প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতিও এক ধরনের অবজ্ঞা প্রকাশ করে। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে কিছুটা যে সত্যতা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। সবচেয়ে বড় বিষয় হলো, ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদের ধারণা। যেটি বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবকে তীব্র করেছে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা বছরের পর বছর ধরে ঘটছে। ‘জিরো লাইন’-এর কাছে কৃষক, গরু ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ হত্যার শিকার হচ্ছে স্বাভাবিকভাবেই এমন বাস্তবতা বাংলাদেশের জনগণের মনে গভীর ক্ষোভ ও অনাস্থা তৈরি করেছে। প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়, এই অনুভূতিই ভারতবিরোধী মনোভাবকে শক্তিশালী করেছে। নদী ও পানি বণ্টনের প্রশ্নেও সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। গঙ্গা, তিস্তা, ফেনীসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে চুক্তি ও প্রতিশ্রুতি থাকলেও বাস্তবতা ভিন্ন। বিশেষ করে তিস্তা চুক্তি আজও ঝুলে আছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে পানির অভাব এই দুই চরম অবস্থার দায়, বাংলাদেশ বহুবার ভারতের ওপর চাপিয়েছে। কিন্তু সমাধান আসেনি বরং জমেছে ক্ষোভ। বাণিজ্য ক্ষেত্রেও অসমতার অভিযোগ পুরনো।

ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হলেও এই বাণিজ্যে কোনো ভারসাম্য নেই। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশাল বাণিজ্য ঘাটতির মুখে। শুল্ক, অশুল্ক বাধা ও বাজারে প্রবেশের জটিলতা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ। ফলে অর্থনৈতিক সম্পর্কও আস্থার বদলে নির্ভরতার অভিযোগে পরিণত হয়েছে। গোয়েন্দা তৎপরতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্ককে আরও জটিল করেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব, নির্বাচন ও সরকার গঠনে ভূমিকা নিয়ে নানা আলোচনা আছে। সত্য-মিথ্যা যাই হোক, এই ধারণাই জনমনে গভীর প্রভাব ফেলেছে। মানুষ মনে করছে বাংলাদেশ তার সিদ্ধান্তে স্বাধীন নয়, বরং ভারতের ছায়ার নিচে রয়েছে। এই ধারণাই জাতীয় আত্মসম্মানে আঘাত হানে এবং প্রতিবেশীর প্রতি বিরূপ মনোভাব তৈরির প্রেক্ষাপট। সব ঘটনার প্রভাব সরাসরি পড়ছে সীমান্তে। সীমান্ত আজ শুধু কাঁটাতারের রেখা নয়, এটি হয়ে উঠেছে উত্তেজনার প্রতীক। সামান্য ঘটনাও বড় সংঘাতে রূপ নিচ্ছে। সীমান্তে সেনা ও আধাসামরিক বাহিনীর তৎপরতা বেড়েছে, নজরদারি কড়াকড়ি হয়েছে, কিন্তু কমেনি উত্তেজনা। বরং দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব বেড়েছে, সন্দেহ ঘনীভূত হয়েছে। আঞ্চলিক ভূরাজনীতির পরিবর্তনও এই সংকটকে আরও জটিল করছে। চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতা, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি বৃহত্তর ভূরাজনৈতিক খেলায় প্রভাবিত হচ্ছে।

বাংলাদেশ তার স্বার্থে বহুমুখী কূটনীতি অনুসরণ করতে চাইছে। আর ভারত সেটিকে অনেক সময় সন্দেহের চোখে দেখছে। এই পারস্পরিক অবিশ্বাস সীমান্ত পরিস্থিতিকেও অস্থিতিশীল করে তুলছে। ফলে আজ বলা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সবচেয়ে নাজুক পর্যায়ে পৌঁছেছে। সীমান্ত উত্তেজনা কেবল নিরাপত্তার প্রশ্ন নয়; এটি আস্থার সংকটের বহিঃপ্রকাশ। যখন আস্থা ভেঙে যায়, তখন বৈরিতা বাড়ে। আর সেই বৈরিতা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে। দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়নের জন্য এই পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। প্রশ্ন হলো, এই সংকট থেকে বেরিয়ে আসার পথ কী? ইতিহাস আমাদের শেখায়, প্রতিবেশী বদলানো যায় না। বাংলাদেশ ও ভারত চাইলেও একে অপরের অস্তিত্ব অস্বীকার করতে পারবে না। তাই প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠন। সীমান্তে হত্যা বন্ধ, পানিবণ্টনের ন্যায্য সমাধান, বাণিজ্যে ভারসাম্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এই বিষয়গুলোতে আন্তরিক উদ্যোগ ছাড়া আস্থার সেতু পুনর্র্নির্মাণ সম্ভব নয়। অন্যথায়, সীমান্ত উত্তেজনা কেবল বাড়তেই থাকবে, আর সেই সঙ্গে ভাঙতে থাকবে দুই দেশের মানুষের মধ্যে বিশ্বাসের শেষ বাঁধনটুকুও। তখন এই সংকট আর শুধু সীমান্তের মধ্যে আবদ্ধ থাকবে না; তা রূপ নেবে আঞ্চলিক অস্থিরতার এক গভীর সংকটে। আজ তাই সময় এসেছে প্রশ্ন করার, প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংকটে আস্থার সেতু কি সত্যিই ভেঙে যাচ্ছে, নাকি এখনো তা রক্ষা করার সুযোগ আছে? ইতিহাস একদিন এর উত্তর দেবে, তবে সিদ্ধান্ত নিতে হবে বর্তমানেই।

লেখক: কলামিস্ট ও শিক্ষক

sultanmh17@gmail.com