ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে। কমেছে তাপমাত্রা। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস। আজ সকাল ৬ টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬ টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ (শুক্রবার) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসাথে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে,  গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।